বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম। বুধবার (১৫ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. রফিকুল ইসলাম বলেন, এই গুরুদায়িত্ব পালনে তিনি প্রতিষ্ঠানের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেন এবং ধান গবেষণা ইনস্টিটিউটের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ড. মো. রফিকুল ইসলাম ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১২ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রিতে যোগদানের পর থেকে দীর্ঘ ২৮ বছর ধরে তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।
জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে পরিচিত ড. রফিকুল ইসলাম গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৮০টিরও অধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া গবেষণাসংক্রান্ত কাজে তিনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক ড. রফিকুল ইসলামের এই নতুন নিয়োগ কৃষি গবেষণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ডিএস./



















