আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ডিএস./



















