কিশোর গ্যাং বখাটেদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার ছয়টি থানা এলাকাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একই দিনে এই প্রথম একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টা অভিযানে বিভিন্ন স্থান থেকে ২৪৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কিশোর বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়ে- এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যেনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা যায়, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে লক্ষ্মীপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
ডিএস,.




















