চট্টগ্রামের সাতকানিয়ায় বেসরকারি তিন হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেরানীহাট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে হাসপাতালগুলোর লাইসেন্সসংক্রান্ত কাগজপত্র, প্রয়োজনীয় জনবল, মেডিকেল টেকনোলজিস্টের উপস্থিতি, নার্সের সংখ্যা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন ক্ষেত্রে নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, লাইসেন্সসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা, সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না করা এবং পর্যাপ্ত সংখ্যক নার্স না রাখার অভিযোগে মা ও শিশু হাসপাতালকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া হাসপাতাল ও ক্লিনিকের মেডিকেল বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ ও ব্যবস্থাপনা না করার অপরাধে এলাইট হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আল হায়াত হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানের সময় হাসপাতালগুলোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম-কানুন মেনে চলার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আল শাহরিয়ার হৃদয় এবং স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল।
সংশ্লিষ্টরা জানান, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে লাইসেন্স, প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে অনুসরণ করা জরুরি। এসব বিষয়ে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-নীতি অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিএস./













