নওগাঁর ধামইরহাটে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতে তারা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন তারা।
ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা মো. আবু মুছা, তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তাদের তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মধ্যে এ ধর্মের প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে তারা ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। একপর্যায়ে নিজেদের ইচ্ছা ও সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন পরিবারের পাঁচ সদস্য।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা আদালতে এফিডেভিট সম্পন্ন করার পর স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা কালেমা শাহাদাত পাঠ করেন। এ সময় তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর পরিবারের সদস্যরা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিএস./


















