প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় জড়ো হন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাওয়ার সময় গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অতিক্রম করেন। এ সময় তেতৈতলা হাঁস পয়েন্টসহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
সকাল থেকেই তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
এ ছাড়া ভাটেরচর নতুন রাস্তা, ভবেরচর বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও দলটির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এর নেতৃত্ব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নাসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজীতে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ও পাইলট কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন উপজেলার কৃষকদের কৃষক কার্ড ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএস./


















