সরকারি কৃষি সহায়তার আওতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে ১ হাজার ৪৫১ জন কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সি কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।
ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী নির্বাচিত ৭৭টি উপজেলা ও কৃষি ব্লকের সঙ্গে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয়ভাবে এই ‘কৃষক কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কলের মাধ্যমে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সঙ্গে কুশল বিনিময় ও কথা বলেন। একই অনুষ্ঠানে কালীগঞ্জের কার্যক্রমও ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরকারি কৃষি সহায়তার প্রথম পর্যায়ে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের কৃষকদের এই কার্ডের আওতায় আনা হয়েছে। নির্বাচিত ১ হাজার ৪৫১ জন কৃষকের মধ্যে ভূমিহীন ৩৯ জন, প্রান্তিক ৫৭১ জন, ক্ষুদ্র ৭৭০ জন, মাঝারি ৬৮ জন এবং বড় ৩ জন কৃষক রয়েছেন। এই কৃষক কার্ডের মাধ্যমে এখন থেকে কৃষকরা খুব সহজেই নানা ধরনের সরকারি কৃষি সেবা, আধুনিক কৃষি উপকরণ এবং প্রয়োজনীয় প্রণোদনা সরাসরি গ্রহণ করতে পারবেন।
অতিথিদের বক্তব্য ও দিকনির্দেশনা কালব রিসোর্টের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃষকদের হাতে কার্ড তুলে দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিদের বক্তব্যে কৃষিখাতের উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “কৃষক আমাদের দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন কখনো টেকসই হতে পারে না। কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের উৎপাদন বাড়াতে সরকার অভিনব এই উদ্যোগ নিয়েছে। কৃষক ভাইয়েরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সমস্ত সেবা পান, সংশ্লিষ্ট সকলকে সে বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূইয়া এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আবদুল্লাহ-আল ফারুক।
এছাড়াও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
ডিএস./






















