স্বাবলম্বী পরিবার গঠন এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং সমাজসেবা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
সভায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজ সহজ ও কার্যকর করতে তাঁদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে তাঁদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংগৃহীত তথ্য অনলাইনে সংরক্ষণ করা হবে। পরে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করে সরকারি সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্যের যথার্থতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ডিএস./



















