ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভাস্হ শ্রী শ্রী রাধামাধব আখড়ায় চুরি সংঘটিত হওয়ার পর এই ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উক্ত ঘটনায় গ্রেপ্তার দুই ব্যাক্তি হলেন, আখাউড়ার বড় বাজার এলাকার লাল মিয়ার ছেলে জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও মালদারপাড়া এলাকার নজরুল মালদারের ছেলে আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। এছাড়াও এই ঘটনায় পলাতক আসামি হিসেবে তাজুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। পলাতক তাজুলের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া গ্রামে। তিনি আখাউড়ার মসজিদপাড়া এলাকায় ভাড়া থাকতেন বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
ঘটনায় সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতারের সময় চুরি যাওয়া পিতলের বিভিন্ন মূর্তি,স্বর্ণের কানের দুল, কিছু পূজার সামগ্রীসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য মতে, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে কোনো একসময় আখাউড়া পৌরসভার পৌরসভাস্হ রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় চুরির এই ঘটনা সংঠিত হয়।এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ একাধিক টিম গঠন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
অভিযানে জারু মিয়া ওরফে আকবর হোসেনকে আটক করা হলে তাকে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আকাশ মালদার ওরফে হাসিবকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার জারু মিয়ার দেখানো মতে দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে অভিযান পরিচালনা করে আখাউড়া থানার মসজিদপাড়া এলাকার একটি ভাঙারির দোকান থেকে আরও মালামাল উদ্ধার করা হয়। দোকানটি পলাতক আসামি তাজুল ইসলাম বলে পুলিশ জানায়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি বড় রাধারানীর পিতলের মূর্তি, দুটি গৌর-নিতাইয়ের পিতলের মূর্তি, একটি ছোট গোপালের পিতলের মূর্তি, একটি পিতলের কাঁসি, একটি পিতলের গাছা, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি, একটি পিতলের প্রদীপদানি ও একটি পিতলের শঙ্খ রাখার স্ট্যান্ড রয়েছে।
ডিএস./



















