খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি খাদ্যসামগ্রী অবৈধভাবে মজুদের দায়ে ‘হুমায়ুন স্টোর এর স্বত্বাধিকারী নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৩অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা বাজারের ব্যবসায়ী নুর হাসান এর দোকানে সরকারি সিলযুক্ত খাদ্যসামগ্রী মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০কেজি ওজনের চাল ৫০ কেজি ওজনের গম। ১৬ বস্তা উদ্ধার ও জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
পরবর্তীতে জব্দ করা চাল ও গম তবলছড়ি খাদ্যগুদাম কর্মকর্তা আব্দুর রহিম মিজির জিম্মায় তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়। অভিযান পরিচালনাকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২৩ ০৬ ধারায় সরকারি সিলযুক্ত বস্তাসহ ১৬ বস্তা গম ও চাল জব্দ ও নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং ও সরকারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়ম বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডিএস




















