ফরিদপুরের চরভদ্রাসনে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত একটি বাড়ির চাবি, আর্থিক সহায়তার চারটি চেক ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের আবাসন, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে একটি নবনির্মিত বাড়ির চাবি, চারটি আর্থিক সহায়তার চেক ও ১০টি সেলাই মেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, জুলাই যোদ্ধারা দেশের সম্পদ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের পতন হয়েছে এবং দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে।
ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ডিএস./



















