সন্ত্রাসবিরোধী আইনে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর ব্যানারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর বুধবার ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ২৫/৩০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বেশ কিছু লোক ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর ব্যানার হাতে নিয়ে একটি গ্রামীণ সড়কে মিছিল করছেন। এ সময় তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।
মিছিলটি ভাইরাল হওয়ার পর এ ঘটনায় ১৪ অক্টোবর বুধবার কুলিয়ারচর পৌর এলাকার তাতারকান্দি গ্রামের মো. মুখলেছুর রহমানের ছেলে কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম (৩৮) বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৯।
মামলায় কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া গ্রামের মহিউদ্দিনে ছেলে খাইরুল (২৮), মৃত আব্দুল হামিদের ছেলে আবু বাক্কার (৫০), আবু বাক্কারের ছেলে অনিক (২৫), মৃত ইরা মিয়ার ছেলে মারুফ (২৪), মির্জালীর ছেলে কামাল (২৫), এমদাদের ছেলে ছোটন (২৫) ও মুরাদ (২৪), কাজলের ছেলে পাভেল (২৬), জাহাঙ্গীরের ছেলে মুস্তাকিন (২৬), জিল্লু মিয়ার ছেলে আনু মিয়া (২৫), হাসান আলীর ছেলে সাদেক (২৬), শাহ আলমের ছেলে রাকিব (৩২), আতেম আলীর ছেলে রাহুল (২৮), মৃত রইছ উদ্দিনের ছেলে মাসুম (৩৫) ও আবু সাদ এর ছেলে বাবলু (২৫) দের আসামি করা হয়েছে।
বাদী মো. সিরাজুল ইসলাম (৩৮) তাঁর দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন- গত ১১ অক্টোবর বেলা অনুমান ০১.২০ ঘটিকার সময় মোটর সাইকেলযোগে তিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে বাড়ী আসার পথে উপজেলার গোরবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন এর পূর্ব আব্দুল্লাহপুর শান্তি মোড়ে পৌঁছালে দেখতেপান নিষিদ্ধি ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ এর নেতা কর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে শেখ হাসিনা আসবে- রাজপথ কাঁপবে, শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা- জয় ঙ্গবন্ধু “মুজিব তোমার স্মরনে-ভয় করি না মরণে” মানি না-মানবো না ইত্যাদি স্লোগান দিয়ে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন নেতাকর্মী শান্তি মোড় থেকে ২০০ গজ দক্ষিন দিকে আসিয়া মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করা, জননিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্রের সংহতি বিনষ্টের উদ্দেশ্যে সংগঠিত হয়ে অপরাধ্যমূলক ষড়যন্ত্র ও প্ররোচনা সৃষ্টি করেছে।
মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, লিখিত অভিযোগ ও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিএস./



















