অনলাইনে নিরাপদ থাকা, গণমাধ্যমের তথ্য যাচাই করা কিংবা সমাজে প্রচলিত বৈষম্যমূলক ধারণার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়া-এসব বিষয়ে তরুণদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে গাজীপুরের কালীগঞ্জে আয়োজিত এক আলোচনায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘SHOMOTAY TARUNNO’ প্রকল্পের আওতায় এ আলোচনা আয়োজন করে কালীগঞ্জ আদর্শ যুব উন্নয়ন ক্লাব।
আলোচনায় জেন্ডার স্টেরিওটাইপস, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসির মতো বিষয় উঠে আসে। এসব ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ এবং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আকন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কালীগঞ্জ আদর্শ যুব উন্নয়ন ক্লাবের সভাপতি রানা মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ আকাশ।
আয়োজকদের ভাষ্য, তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলেই চলবে না; অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই, অধিকার সম্পর্কে জানা এবং সামাজিক বৈষম্য চিহ্নিত করার সক্ষমতাও অর্জন করতে হবে। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
এ লক্ষ্য সামনে রেখে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ জোরদার এবং তরুণদের দক্ষতা উন্নয়নে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
ডিএস./



















