স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি- ৯ সিলেট, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি কার্তুজ উদ্ধার করেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জেলা সদরের শিমরাইলকান্দি তিতাস নদীর প্রথম সেতুর নিচে সেতুর পিলারের গোড়া থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে এসআরবি ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি চৌকস দল শিমরাইলকান্দি তিতাস নদীর পূর্ব পাশে সন্দেহভাজন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজগুলো উদ্ধার করেছে।
তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হলেও এর সঙ্গে কে বা কারা জড়িত তা শনাক্তে আমরা ইতোমধ্যেই এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছি। অবৈধ অস্ত্র কি কারনে এবং কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখে এ ব্যাপারে উপযুক্ত প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।
ডিএস./



















