নতুন মৌসুমকে সামনে রেখে শ্রীলঙ্কার কিংবদন্তী পেসার চামিন্দা ভাসকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
শ্রীলঙ্কার অন্যতম সফল এই পেসার টেস্টে ১১১ ম্যাচে ৩৫৫টি এবং ওয়ানডেতে ৪০০ উইকেট নিয়েছেন। গত দুই মৌসুমে দিল্লির বোলিং কোচের দায়িত্বে থাকা মুনাফ প্যাটেলের জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিল্লি ক্যাপিটালস লিখেছে, ‘বিশ্বকাপজয়ী এবং শ্রীলঙ্কার সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। টাইগার টেরিটরিতে স্বাগতম, কোচ।’
প্রধান কোচ সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন কোচিং স্টাফে যোগ দেবেন ভাস। এর আগে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংকে ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লি এখনও তাদের প্রথম আইপিএল শিরোপা জয়ের লক্ষ্যে রয়েছে। ২০২০ আসরে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। আর সবশেষ দুই মৌসুমে প্লে-অফেই জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভাস। নতুন বলে সুইং করানো, নিখুঁত লাইন-লেংথ বজায় রাখা এবং বিভিন্ন কন্ডিশনে কার্যকর বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি।
কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে ভাসের। তিন দফায় শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল নিউজিল্যান্ডের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে। পরে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের বোলিং কোচ ছিলেন।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ভাস। এরপর আবারও শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করেন তিনি।
খেলোয়াড়ি জীবনে আইপিএলেও অংশ নিয়েছেন এই বাঁহাতি পেসার। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টুর্নামেন্টের প্রথম তিন মৌসুমে বিলুপ্ত হয়ে যাওয়া ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন তিনি।
ডিএস./



















