কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত সিলেবাস এখন সময়ের দাবি।’ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষির আধুনিকায়নের উদ্দেশ্যে কৃষি গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং দপ্তর/সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। এই মেধাবীদের ধরে রাখতে এবং নতুন নতুন মেধাবীদের আকৃষ্ট করতে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস ও কারিকুলাম যুগপযোগী করা প্রয়োজন। উচ্চতর শিক্ষাদান ও ডিগ্রি প্রদানের ক্ষেত্রে কৃষি শিক্ষার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সিলেবাস প্রণয়ন এখন সময়ের দাবি।’
কৃষিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে পাশ করে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কী ভূমিকা রাখছে এবং কী ভুমিকা রাখতে পারত তা দেখতে হবে। আমাদের পুষ্টিকর খাদ্যের প্রথমেই আসে মাছের কথা আর মাছের খাদ্য আসে কৃষি থেকেই। একটি অন্যটির সাথে জড়িত।
তেমনি কৃষি শিক্ষা ও কৃষি গবেষণাও। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। সেখানকার শিক্ষার মান যেন বিশ্বমানের হয়। এর জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব।’
মতবিনিময় সভা সঞ্চালন করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। এছাড়া সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দও উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























