ছাতকের গোবিন্দগঞ্জে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস থেকে নতুন মিটার সংযোগের নামে তিনটি গ্রামের ৬ শতাধিক গ্রাহকের প্রায় ৫০ লাখ টাকা ও বিলিং ম্যানেজারের টেবিল থেকে সরকারি গুরুত্বপূর্ণ ফাইলসহ এনামুল হক নামের এক ওয়ারিং পরিদর্শক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানা যায়, দীর্ঘদিন থেকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক এনামুল হক প্রায় ছয় শতাধিক গ্রাহককে বৈদ্যুতিক মিটার সংযোগ দেয়ার নামে বিদ্যুৎ সমিতির জাল রশিদের মাধ্যমে টাকা আদায় করে আসছেন।
গত সোমবার দোয়ারা বাজারে এক গ্রাহকের কাছ থেকে মিটারের টাকা আদায় করতে গিয়ে আটক হন এনামুল হক। সেখান থেকে বিভিন্ন কৌশলে ছাড়া পেয়ে অফিসে এসে বিলিং ম্যানেজার জুবেদা খানমের টেবিল থেকে মিটার সংক্রান্ত শতাধিক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকেই বিলিং ম্যানেজার জুবেদা খানম ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন বলে জানা গেছে।
এদিকে ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার এনামুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা জানান, এ ঘটনার তদন্তে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ফাইন্যান্স) সারোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন বলেন, টাকা ও ফাইল নিয়ে এনামুল হক উধাও হওয়ার ঘটনায় ছাতক থানায় বিদ্যুৎ কর্তৃপক্ষ একটি জিডি করেছে।












