যোধপুরের রাজকীয় উমেধ ভবনে এক স্বপ্নের অনুষ্ঠানে চারহাত এক করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রথমে তারা খ্রিস্টান মতে এবং পরে হিন্দু মতে বিয়ে করেন। মঙ্গলবার এই মেগা বিয়ের ছিল রিসেপশন।
দিল্লির তাজ প্যালেস হোটেলে এই ভোজের আসর বসেছিল। যেখানে অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে তাবড় সব ব্যক্তিত্ব।

অতিথি ভোজে নিমন্ত্রিতদের তালিকায় সবার উপরে প্রধানমন্ত্রীর নাম ছিল। তিনি আসতেই শুরু হয় ক্যামেরার ঝলকানি। নবধূর সঙ্গে পোজ দেন প্রধানমন্ত্রী মোদি। প্রিয়াঙ্কা ও নিকের সঙ্গে হালকা মশকরা করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেই মহূর্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, প্রধানমন্ত্রীর জন্যই দিল্লিতে এই রিসেপশন অনুষ্ঠান আয়োজন করা হয়। আর প্রধানমন্ত্রী নিজেও আমন্ত্রণ রক্ষা করেছেন। নবদম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন দুটি লাল গোলাপ। তিনি নবদম্পতির সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং নিক জোনাসের বাবা পল কেভিন জোনাস আর মা ডেনিস মিলার জোনাসের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

প্রথমে নিকের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ করিয়ে দেন প্রিয়াঙ্কা। এর পরে নিকের পরিবারের সঙ্গেও আলাপ করিয়ে দেন।
রিসেপশন অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া পড়েছেন গোল্ডেন লেহেঙ্গা। তার সঙ্গে ডায়মন্ডের গয়না, সিঁথিতে সিঁদুর এবং হাতে লাল–সাদা চুড়ি। নিকের পরনে ছিল ভেলভেট ব্লু টাক্স ও ট্রাউজার। জানা গেছে, ফাল্গুনি সেনের পিকক কালেকশন থেকে সংগ্রহ করা হয়েছে পোশাক দুটি।
তাড়াহুড়োর কারণে এই আয়োজন ছিল খুব ছিমছাম। কিন্তু অতিথিদের সবার নজর কেড়েছে নবদম্পতির নামের প্রথম অক্ষর দিয়ে সাজানো ‘এনপি’।

এদিকে শোনা যাচ্ছে, ১৫ অথবা ১৬ ডিসেম্বর মুম্বাইয়ে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের দ্বিতীয় রিসেপশন হবে। সেখানে প্রিয়াঙ্কার বলিউডের বন্ধু, সহকর্মী আর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হবেন। তবে শেষ পর্যন্ত বলিউডের কাকে কাকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তা জানা যায়নি।
আগে থেকেই কথা ছিল, ‘দেশি গার্ল’-এর জীবনের বিশেষ দিনটির ছবি নাকি বিক্রি করা হবে। ছবির দাম ১৮ কোটি রুপি। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হবে রাজকীয় ওই বিয়ের ছবি৷ ছবি প্রকাশের পর দেখা গেল ছবির স্বত্ব কিনেছে ‘হ্যালো’ ম্যাগাজিন। তাদের তরফেই প্রকাশ পেয়েছে এই সেলেব জুটির ছবি।

প্রিয়াঙ্কার দিক থেকে চোখ সরাতেই পারছিলেন না নিক। আর প্রিয়াঙ্কার মুখে সেই মন মাতানো হাসি। হাতে হাত রেখে বহুক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে ছিলেন তারা। নবদম্পতির রসায়নটা বোঝা যাচ্ছিল দিব্যি।
রিসেপশনে অতিথিদের জন্য ছিল ই-বার কোডযুক্ত কার্ড। ওই বার কোড ছাড়া কেউ প্রবেশ করতেই পারতেন না প্রিয়াঙ্কা-নিকের রিসেপশনে।
যোধপুরের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানের পর রিসেপশনে প্রিয়াঙ্কার সাজ ছিল একেবারে আলাদা।
বিবি/জেজে
















