মানবিক পুলিশের শ্লোগান নিয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ ততটা কঠোর না হয়ে সচেতনেতার দিকেই জোর দিয়েছিল এতদিন। তবে শেরপুরে ইতিমধ্যে করোনা রোগী সনাক্ত হওয়ায় কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহীনি । সেই সাথে কিছুটা সচেতন হয়ে উঠেছে স্থানীয় জনতাও ।
গত ৬ এপ্রিল রাত থেকেই বিভিন্ন এলাকার তরুন সেচ্ছাসেবকরা এলাকাবাসীর সম্মতিতে বন্ধ করে দিতে থাকে নিজ নিজ এলাকার প্রবেশ ও বাহির পথ। শহরের মধ্যশেরী (বাড়ইপাড়া), নবীনগর, গৃদ্দানারায়নপুর, চকবাজার, তেরাবাজার, ঝিনাইগাতীর টেংরাখালীমোড়, ঝিনাইগাতী কালীবাড়ী স্কুলের সামনে নকলার কয়েকটি এলাকাসহ বিভিন্ন স্থানে এইধরনের সেচ্ছায় লকডাউন গড়ে তুলতে দেখা গেছে।
এব্যাপারে নবীনগর মহল্লার স্বেচ্ছাসেবক সোবহান উদ্দিন জিহান বলেন, আমরা সচেতন না বলেই আজ শেরপুরে করোনা রোগী সনাক্ত হয়েছে। সামনের দিনগুলোতে যেন এর প্রাদুর্ভাব ছড়িয়ে না পড়ে তাতে আমরা এগিয়ে এসেছি । প্রয়োজনে আমাদের এলাকার দরিদ্রদের দায়িত্ব আমরা এলাকাবাসীই নিবো।
এদিকে এই সেচ্ছায় লকডাউনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সাধুবাদ জানান এবং নিজ নিজ এলাকায় এধরণের উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেন।
কৃষ্ণপুরের এক স্বেচ্ছাসেবক জানান, “গ্রামটা আমাদের তাই দায়িত্বটাও আমাদের” শ্লোগানকে সামনে রেখে গ্রাম করোনা মুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছেন শেরপুর সদরের কৃষ্ণপুরের মানুষ। বাঁশের খুঁটি দিয়ে গ্রামে বসানো হয়েছে তল্লাশি চৌকি। যারা গ্রামে ঢুকছেন নেয়া হচ্ছে পরিচয়, জানতে চাওয়া হচ্ছে প্রবেশের কারণ।
গ্রাম করোনামুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছেন সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা। গ্রামের সবক’টি প্রবেশ পথই রয়েছে কড়া নজরদারি। প্রবেশের সময় দিতে হচ্ছে পরিচয় আর আগতদের জীবানুমুক্ত করতে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে।
রাজধানীতে অধ্যয়নরত কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোকাদ্দেস হোসেন জানান, ২৪ ঘন্টা পালাক্রমে নিজেদের সুরক্ষার জন্য এই দায়িত্ব পালন করছেন গ্রামবাসী। করোনার প্রকোপ না কমা পর্যন্ত এই কার্যক্রম চলবে। গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হচ্ছে। আনিছুর রহমান, সোলাইমান কবির, শাহাদাত হোসেন শিপলু, সোহাগ সরকার ও মতিন সরকারসহ গ্রামের অন্যান্য তরুণ গ্রাম সুরক্ষায় বিভিন্নভাবে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।
করোনার কারণে কর্মহীন অস্বচ্ছলদের তালিকা করে খাবার বিতরণের উদ্যোগও নেয়া হয়েছে। নিজেদের সুরক্ষায় সবাই এমন উদ্যোগ নিলে করোনা রোধ সম্ভব বলে জানান উদ্যোক্তারা। করোনা মেকাবিলায় স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে মনে করেন গ্রামবাসীরা।
এদিকে ঝিনাইগাতী উপজেলায় করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনগণের অপ্রয়োজনীয় চলাচল নিরুৎসাহিত করার জন্য এ উপজেলায় প্রবেশদ্বারের সড়ক গুলোতে অস্থায়ী বাঁশের ব্যারিকেড (প্রতিবন্ধক) দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার পাঁচটি স্থানে এলাকাবাসীর সহযোগিতায় এ ব্যারিকেড দেওয়া হয়।
করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনগণ। সরেজমিন দেখা গেছে, করোনা সংক্রমণ রোধে ঝিনাইগাতী-শেরপুর সড়কের কালিবাড়ি, নালিতাবাড়ি-ঝিনাইগাতী সড়কের টেংরাখালী, ঝিনাইগাতী-মধুটিলা ইকোর্পাক সড়কের হলদীগ্রাম, শ্রীবরদী-ঝিনাইগাতী সড়কের বটতলা, ঝিনাইগাতী- শ্রীবরদী সড়কের বালিজুড়ি এলাকায় বাঁশের অস্থায়ী ব্যারিকেড দেওয়া হয়েছে।
ব্যারিকেড গুলোতে পুলিশ ও গ্রামপুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। অতীব জরুরী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন প্রবেশ বা বাহির হতে দেওয়া হচ্ছে না। এছাড়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওষুধ ও কাঁচামাল ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে মোটরসাইকেল ছাড়া অন্যকোন গণপরিবহনের চলাচল দেখা যায়নি।
“আমরা-১৮ বছর বয়স” ঝিনাইগাতী শাখার আহ্বায়ক ও কালিবাড়ী এলাকার বাসিন্দা তুষার আল নূর বলেন, ‘মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানাই।’
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমরা উপজেলার সকল হাট-বাজারে টহল, মাইকিং, জীবাণুনাশক স্প্রে, ওষুধ ও কাঁচামালের দোকানে দোকানে বৃত্ত, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, কর্মহীন শ্রমজীবি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। সবার উচিত সরকারের নির্দেশনা মেনে চলা। কেউ তা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, কিছু মানুষ অতি উৎসাহী হয়ে পথে বের হয়ে আসছে। তাই তাদের রুখতে কঠোর অবস্থানে মাঠে আছি। জনগণের অপ্রয়োজনীয় চলাচলকে নিরুৎসাহিত করতে উপজেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ব্যারিকেড (প্রতিবন্ধক) দেওয়া হয়েছে। কর্মহীন শ্রমজীবি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।




















