ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ এক অভিযানে খুন,ছিনতাই মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত মোট ১৬ মামলার পলাতক আসামী, চিহৃিত সন্ত্রাসী আব্দুল্লাহ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯ টার দিকে থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আটককৃত আব্দুল্লাহ জেলার আখাউড়া থানার শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ ও মিডিয়া উইংসের তথ্য মতে,থানার রেকর্ড ও পিসিপিআর যাচাই করে জানা যায় যে,আটককৃত আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানাসহ বিভিন্ন থানায় খুন,মাদক, মারামারি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৬টি মামলা চলমান রয়েছে।
এর মধ্যে ২০২৪ সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এর বাইরেও একাধিক মাদক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে পাশাপাশি একটি মামলায় তিনি ইতিমধ্যে হয়েছেন সাজাপ্রাপ্ত। পুলিশ জানায়, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামী আব্দুল্লাহ ১৬ মামলার পলাতক আসামি। সে অনেক দুর্ধর্ষ।
অনেক কৌশল অবলম্বন করে আমরা তাকে গ্রেফতারে সক্ষম হই। তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের জন্য অদ্যই আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।
ডিএস,/



















