হিম বাতাসে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় মানিকগঞ্জের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত ৩০ জানুয়ারি থেকে ৯-১০ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। ভোর থেকে কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। দিনভর দেখা মিলছে না রোদের। কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের।
রোববার (৩১ জানুয়ারি) আবহাওয়া অ্যাপের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা দেখা গেছে।
কুয়াশায় কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এদিকে মাঘের হাড় কাঁপানো শীত থাকায় ঘর থেকে খুব কম লোক বের হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ শতাধিক কর্মকর্তা ও কর্মচারীসহ মহাসড়কের হাজার হাজার যানবাহনের শ্রমিকরা ভোগান্তিতে রয়েছে। আর ঘাট এলাকার শ্রমিকরা শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়েছে।
ঘাটের শুকমান খান নামের এক শ্রমিক জানান, এবার সব চেয়ে বেশি শীত পড়েছে। কোনো কাজ করা যাচ্ছে না। হাত-পা জমে যাচ্ছে।
রশিদ নামের এক ট্রাকচালক জানান, হাত-পা জমে যাচ্ছে। গাড়ি চালাতে পারছি না। ঘাটের খড়কুটো জ্বালিয়ে গরম হওয়ার চেষ্টা করছি।
জালাল ফেরির মাস্টার আব্দুল রহমান জানান, কুয়াশার কারণে রাতে চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে কষ্ট হয়েছে। অন্যদিকে তীব্র শীতে হাত-পা জমে যাচ্ছে। নদীতে আরোও বেশি শীত। আমার মতো সব মাস্টার সুগানরাসহ ঘাটের সবাই কষ্ট করছেন।






















