অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। এ যেন বিনা মেঘে বজ্রপাত! হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন!
শুক্রবার (৪ মার্চ) ৫২ বছর বয়সে তিনি মারা গেছেন বলে জানিয়েছে ফক্স ক্রিকেট।
ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
আজ ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর মেডিক্যাল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি।’
১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার একের পর এক সাফল্যে সাজিয়েছিলেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। তারচেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এছাড়া ওয়ার্ন ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন।
শুক্রবার সকালের দিকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার রডনি মার্শকে হারানোর খবর মিলেছিল। তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
তার মৃত্যুশোকে বিহ্বল ক্রিকেটাঙ্গনে কয়েক ঘণ্টার ব্যবধানেই বড় ধাক্কা হয়ে এলো ওয়ার্নের চিরবিদায়ের খবর। কিংবদন্তি এ ক্রিকেটারের প্রয়াণে সাবেক-বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শোকবার্তা।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















