প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের সিদ্ধান্তকে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি না করলে, আগামী ১৩ মে (রবিবার) থেকে আবার আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কার্যে আয়োজিত মানববন্ধন থেকে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন এ হুঁশিয়ারি দেন।
মামুন বলেন, আমাদেরকে বারবার আশ্বাস দেয়া হয়েছিল ৭ মে’র মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, ৭ মে পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। আর প্রজ্ঞাপন জারি না করায় ছাত্রসমাজের মাঝে অস্থিরতা বিরাজ করছে।
তিনি আরো বলেন, আমাদেরকে দেয়া আশ্বাসের কথা রাখা হয়নি। তাই আমরা কোটা প্রজ্ঞাপনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিলাম। আর এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে, আগামী ১৩ মে থেকে দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আবার আন্দোলন শুরু করা হবে।
পরিষদের কেন্দ্রীয় কমিটি জানায়, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। এদিকে এদিন সকাল ১১টা থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, স্লোগান দিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাস্তা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে মানববন্ধন শেষ করা হয়।
মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরূল হক নূর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।














