জাতীয় ভলিবল দলের সাবেক কোচ, বিএসপিএ’র আজীবন সদস্য, ও ক্রীড়া সংগঠক মোস্তাফা কামাল মারা গেছেন।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনিরোগসহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোস্তাফা কামাল দেশের ক্রীড়াঙ্গনে বহুমাত্রিক অবদানের জন্য পরিচিত ছিলেন। জাতীয় ভলিবল দলের কোচের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রীড়ালেখক হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য।
তার মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনটি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
মোস্তাফা কামালের নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর আড়াইটায় জাতীয় স্টেডিয়ামেও তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তার মরদেহ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ডিএস./









