চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পানি উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে চট্টলা ড্রিংকিং ওয়াটার নামে কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার পূর্ব মুরাদপুর এলাকায় চট্টলা ড্রিংকিং ওয়াটার কারখানায় বিএসটিআই ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সমন্বয়ে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পানি উৎপাদন ও বাজারজাতকরণ করার মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সিটিটিউশন আইন-২০১৮ এর ৩১ ধারা মোতাবেক কারখানাটিকে ২৫ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মোঃ আবু তালেব (৩৮) কে অনাদায়ে ২ মাসের কারাদণ্ডে দন্ডিত করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত মোঃ আবু তালেব হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার পূর্ব মুরাদপুর এলাকার আবুল বশর এর পুত্র। পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃক নগদ ২৫ হাজার টাকা জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে পূর্ব মুরাদপুর এলাকায় চট্টলা ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পানি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা একজনকে অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃক নগদ জরিমানার ২৫ হাজার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। একই সাথে বিএসটিআই অনুমোদন না নেওয়া পর্যন্ত পানি উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন, এনএসআই এর প্রতিনিধি, বিএসটিআই এর প্রতিনিধি এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
ডিএস
























