সাম্প্রতিক সময়ে র্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বিমানবন্দর, বনানী, রূপগঞ্জ, আব্দুল্লাহপুর, টঙ্গী এবং গাজিপুর থানাধীন এলাকায় ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে বলে তথ্য পাওয়া যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮ ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত র্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার এবং জিএমপি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর কয়েকটি আভিযানিক দল “ডিএমপি ঢাকার গুলশান থানাধীন মাদানী এভিনিউ এলাকা হতে গাজীপুর সদর থানাধীন চতরবাজার এলাকা এবং বিমানবন্দর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের দলনেতা মোঃ ইমন (২৪) ও তার সহযোগী রতন (২০)ইয়াসিন (২০)সোহেল রানা (২২)জাহিদ হাসান (২৮)মোঃ সাকিব (২৪)মোঃ ইমান @ ইমাম হোসেন(২৬)মোঃ মারুফ(১৯)মোঃ পলাশ(২২)মোঃ শুভ(২২)মোঃ বাছির(২৪)মোঃ সাগর (২২)মোঃ আনোয়ার (৩৫)মোঃ আরিফ (২২)মোঃ শাহিন (৩৪)কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত ছিনতাকারীদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু, ৬টি ফোল্ডিং চাকু, ১টি ক্ষুর উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস///





















