জামালপুরের মেলান্দহে ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবী করে অর্থ আদায়ের চেষ্টায় সাজ্জাদ হোসেন সাকিব (৩১) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক প্রতারক সাজ্জাদ হোসেন সাকিব ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকার রেজাউল করিম বাদী হয়ে মেলান্দহ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় মনির হোসেন জুইস নামে আরও একজনকে আসামী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার হরিপুর এলাকা থেকে মাটি উত্তোলন করে বিক্রি করছেন রেজাউলসহ কয়েকজন মাটি ব্যবসায়ী। কয়েকদিন আগে প্রতারক মনির হোসেন জুইস মাটি উত্তোলন করতে ডিসি অফিসে টাকা দিতে হবে বলে ব্যবসায়ীদেরকে জানায়। প্রতি সপ্তাহে ডিসি অফিস ও এসপি অফিসে ৩৩ হাজার টাকা দিতে চুক্তি করে মাটি ব্যবসায়ীরা। সোমবার বিকেলে সাজ্জাদ হোসেন সাকিব ও মনির হোসেন জুইস চুক্তির টাকা নিতে গেলে মাটি ব্যবসায়ীদের সন্দেহ হয়। এক পর্যায়ে ওই এলাকার লোকজন দুই প্রতারককে অবরুদ্ধ করে রাখে। সেখান থেকে মনির হোসেন জুইস কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন সাকিব কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এসময় আটক সাজ্জাদ হোসেন সাকিব বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলেও পরিচয় দেয়।
এবিষয়ে জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, সাজ্জাদ হোসেন সাকিব নামে জেলার মধ্যে তাদের কোন সদস্য বা কর্মী নেই। সে প্রতারনা করে ইসলামী ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে। প্রতারক সাজ্জাদ হোসেন সাকিবের সাথে ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।
মামলার বাদী রেজাউল করিম জানান, এর আগে ডিসি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে আমার নিকট থেকে সাড়ে ৪হাজার টাকা নিয়েছে তারা। আজ তারা টাকার জন্য গেলে আমাদের সন্দেহ হয়। পরে গ্রামের লোকজন তাদের দুইজনকে আটক করে পুলিশের কাছে দেয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজীর অভিযোগে সাজ্জাদ হোসেন সাকিব নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএস..




















