রাজনৈতিক মতাদর্শে আপস করতে রাজি নন অভিনেতা প্রকাশ রাজ। নিজের বিশ্বাস ও রাজনৈতিক অবস্থানের পক্ষে বরাবরই সরব এই অভিনেতা। তবে এর জন্য পেশাগত জীবনে বড় ধরনের মূল্য দিতে হয়েছে তাকে। হারিয়েছেন একাধিক সিনেমার কাজ ও বিজ্ঞাপনের চুক্তি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন প্রকাশ রাজের স্ত্রী ও নৃত্যপরিচালক পনি ভার্মা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘প্রেমা দ্য জার্নালিস্ট’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে স্বামী প্রকাশ রাজের পেশাগত জীবনে রাজনৈতিক মতপ্রকাশের প্রভাব নিয়ে কথা বলেন পনি। তাঁর দাবি, রাজনৈতিক অবস্থানে অনড় থাকার কারণে একাধিকবার কাজ হারাতে হয়েছে এই অভিনেতাকে। তিনি জানান, প্রকাশ রাজ বরাবরই নিজের বিশ্বাসের প্রতি অবিচল। কোনো বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করলে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে সেটির পক্ষে অবস্থান নেন তিনি। এ কারণে তেলেগু চলচ্চিত্রশিল্পে একাধিকবার নিষেধাজ্ঞার মুখেও পড়েছেন। এমনকি অগ্রিম অর্থ দেয়ার পরও বেশ কয়েকটি সিনেমার কাজ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে।
পনি বলেন, প্রকাশ একজন নির্ভীক মানুষ। সে নিজের বিশ্বাসের জায়গায় অটল থাকে। আমি জানি, এতে তার কাজ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়েছে, সিনেমা থেকেও তাকে বাদ দেয়া হয়েছে। পেশাগত জীবনে তাঁকে অনেক ভুগতে হয়েছে। কিন্তু তার কথা একটাই, বিবেক যখন বলে কোনো কিছু ভুল হচ্ছে, তখন সেটি মেনে নেয়া উচিত নয়।
সাক্ষাৎকারে প্রকাশ রাজের বন্ধু ও সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন পনি। ২০১৭ সালে গৌরীকে গুলি করে হত্যার ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে আরও সোচ্চার হয়ে ওঠেন তিনি। এ ছাড়া দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ রাজের অংশগ্রহণের অভিজ্ঞতাও তুলে ধরেন পনি। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও প্যালেট গান ব্যবহারের ঘটনা দেখে তিনি নিজে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে প্রকাশ রাজ তখনও আন্দোলনকারীদের পাশে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন।
প্রসঙ্গত, সর্বশেষ অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমায় দেখা গেছে প্রকাশ রাজকে। সামনে এসএস রাজামৌলির ‘বারাণসী’ ও বিনয় কুমার সিরিগিনিদির ‘জি২’ সিনেমায় দেখা যাবে তাকে।
ডিএস./



















