গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামির মৃত্যু হয়েছে।
র্যাবের দাবি, নিহত নজরুল ইসলাম নজুর নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা ছিল। নিহত নজু টঙ্গীর বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১’র এএসপি কামরুজ্জামান। তিনি জানান, গত (বৃহস্পতিবার) ১ আগস্ট রাত আড়াইটার দিকে সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ছয় থেকে সাতজন মাদকব্যবসায়ী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১’র একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে নজরুল ইসলাম নজু গুলিবিদ্ধ হন এবং অন্যান্য মাদকব্যবসায়ীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাগুলির সময় প্রবীর নামে র্যাবের এজকন সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান এবং আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজনেস বাংলাদেশ-/এমএ




















