শেরপুরে চাইনিজ কুড়াল দিয়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক এটিএসআইকে (অতিরিক্ত শহর সহকারী পরির্দশক) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) সকাল ৯ টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির পাশে পরিবারের লোকজনের সামনে এই ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন শহরের মিরগঞ্জ মহল্লার পুলিশ ফাঁড়ির দায়িত্বে রয়েছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনোয়ারের ভাড়া বাড়িতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার বাড়ির অন্যান্য সদস্যরা কোন কিছু বুঝে উঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আনোয়ারের আঘাত গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। পরে তার বাড়ির সদস্যরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে নিবিড় পরিচর্যায় আনোয়ারের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
কারা এবং কোন কারণে তার উপর হামলা চালানো হয়েছে তা স্থানীয়রা এবং পারিবারের সদস্যরাও এই মুহূর্তে মুখ খুলছেন না। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে স্থানীয় কতিপয় যুবক মাদক ব্যবসার সাথে জড়িত। ওই পুলিশ কর্মকর্তার কারণে মাদক কারবারিদের ব্যবসায় নানা রকম প্রতিবন্ধকতা হতো। এই কারণেই মাদক ব্যবসায়িরা আনোয়ারের উপর নাখোশ ছিল। মাদক ব্যবসায়িদের সাথে মনোমালিন্যের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিকাল সাড়ে ৫টা নাগাদ জানিয়েছে এই বিষয়ে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে আজ বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার আশরাফুল আজীম সাংবাদিকদের বলেন, কারা, কি কারণে ওই পুলিশ কর্মকর্তাকে বাড়িতে ঢুকে আক্রমন করেছে তার বিষদ তদন্ত চলছে। শিগগরিই বিষয়টি পরিষ্কার করা হবে বলে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ




















