সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মো.জেহাদুল ইসলামের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরের চৌরাস্তার মোড় বাহিরগোলা রোডের নিজ বাসভবন থেকে বের হয়ে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে পেপুলবাড়ীয়া যাত্রাপথে বাহিরগোলা মসজিদের উত্তর পাশে অবস্থান নেয়া একদল সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেহাদুল ইসলাম তার পেশাগত দায়িত্ব পালন ও কোরবানির পশু ক্রয় করার উদ্দেশে নগদ ৭৫ হাজার টাকাসহ সাংবাদিক রেজাউল করিম খাঁনকে সঙ্গে নিয়ে নিজ বাসভবন চৌরাস্তা মোড় বাহিরগোলা রোড ইসলামিয়া আরোগ্য ভবনের পূর্ব পাশে দাঁড়ান।
পরে একটি খালি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠার পর ড্রাইভার এলোমেলো ভাবে ঘোরাঘুরি করে। এভাবে প্রায় ২০ মিনিট অটোরিকশায় অবস্থান নেয়ার পরও ছেড়ে না দেয়ায় রিকশা থেকে নেমে অন্য রিকশায় উঠতে গেলে সন্ত্রাসী ড্রাইভার মো. শাহীন বাধা দেয়।
এরই এক পর্যায়ে তর্ক শেষে অন্য রিকশায় উঠে কাটেরপুলের দিকে যাত্রা করলে পূর্বেই বাহিরগোলা মসজিদের উত্তর পাশে অবস্থান নেয়া সেই ড্রাইভার ও তার ৫/৬ জন সন্ত্রাসী বাহিনী রড দিয়ে বাম পায়ে বেধড়ক মারপিট করে।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা নগদ ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।পরে ডাক-চিৎকার দিতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও সাংগঠনিক সম্পাদক এএইচ আলমগীর কবিরসহ সিরাজগঞ্জের কর্মরর্ত সকল সাংবাদিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানা ওসি মোহাম্মদ দাউদ জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা হলে তদন্তের মাধ্যমে আমরা সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। এ বিষয়ে জেহাদুল ইসলামের বড় ভাই সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু বাদি হয়ে সন্ধ্যার দিকে মামলার করেছে।




















