প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান। বঙ্গভবন প্রেস উইং ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন একজন বিশ্বস্ত ও দক্ষ সামরিক কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তাকে হারালো।’
রাষ্ট্রপতি মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘জয়নুল আবেদীন সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।’
তিনি আরো বলেন, ‘দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতা জেনারেল আবেদীনকে আমাদের মাঝে স্মরণীয় করে রাখবে।’
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ জয়নুল আবেদীন।
মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ‘বীর বিক্রম’ উপাধি পান। মৃত্যুকালে এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























