সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহে আগামীতে সারা দেশে ডিজিটাল অ্যাপস চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার নওগাঁয় আমন ধান সংগ্রহের উদ্বোধনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এবার আমন মৌসুমে পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্পের আওতায় ১৬টি উপজেলায় ডিজিটাল অ্যাপের ব্যবহার শুরু করা হয়। এই অ্যাপের নাম ‘কৃষকের অ্যাপ’। একজন কৃষক সরকারের কাছে ধান বিক্রির জন্য এই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এই অ্যাপের মাধ্যমেই সে তার সমস্ত তথ্য জানতে পারবে।
একজন কৃষক নির্বাচিত হয়েছেন কিনা, সে কী পরিমাণ ধান দিতে পারবে এসমস্ত তথ্যই এই অ্যাপের মাধ্যমে একজন কৃষক ঘরে বসেই জানতে পারবে। এই পাইলট স্কিম সফল হওয়ায় এটি সারা দেশে ছড়িয়ে দেয়ার চিন্তা করা হচ্ছে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল কেনার পরিমাণ আরও বাড়ানো হবে। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’
অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুমন মেহেদী এ তথ্য জানান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















