মেট্রোরেলের কাজ শেষ হলে আগামীতে রাজধানী ঢাকার চিরচেনা অসহনীয় যানজটের এই চিত্র থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি-৬ লাইনের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধনী অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সব মিলিয়ে ২০৩০ সালে ছয়টি মেট্রোরেলের পৌনে ২০০ কিলোমিটারের সব কাজ যখন শেষ হবে, এর ফলে ঢাকায় যানজটমুক্ত অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট আমরা দেখতে পাব। ঢাকা শহরে আজকের যান চলাচলের চিত্রই পাল্টে যাবে।’
এমআরটি লাইন ১ ও এমআরটি লাইন ৫ এর ডিপিপি অনুমোদন হয়ে গেছে, ফলে কাজ শুরু করতে আর কোনো বাধা নেই জানিয়ে সড়ক ও সেতু মন্ত্রী বলেন, ‘আজকে আমি আনন্দের সঙ্গে বলছি, আমাদের এমআরটি লাইন ৬ মেট্রোরেল প্রকল্পের সাড়ে ৮ কিলোমিটার এখন দৃশ্যমান।’
তিনি জানান, মেট্রোরেলের এই দুই লাইনের মধ্যে একটিতে ১৬ কিলোমিটার, অন্যটিতে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতাল রেল হবে।
২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু করা যাবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘২০২১ সালে বিজয়ের মাসে ইনশাআল্লাহ এমআরটি লাইন ৬, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রয়োরিটি প্রজেক্ট, মেগা প্রকল্প, ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট, মেট্রোরেলের নির্মাণ কাজ সমাপ্ত হবে, বিজয়ের মাসে উদ্বোধন হবে এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা।’
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























