চট্টগ্রামে সাগরে স্পিডবোট চালানোর জন্য মজুদ রাখা অকটেনে আগুন লেগে পুড়ে একজনের মৃত্যু হয়েছে।বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটেছে।
নিহত মো.জাবেদ (১৮) কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. লতিফের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকত সংলগ্ন সাগরে মো.ফারুকের মালিকানাধীন স্পিডবোট চালাতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া জানান, পতেঙ্গা সমুদ্র সৈকতে সায়মা শপিং সেন্টারের নিচতলায় ফারুক স্পিডবোট সার্ভিসেস এর অফিস। জাবেদ সৈকতে বেড়াতে যাওয়া পর্যটকদের স্পিডবোটে চড়িয়ে সাগরে নিয়ে যেতেন। এরপর রাতে ওই অফিসে ঘুমাতেন।
অফিসটিতে স্পিডবোট চালানোর জন্য অকটেন মজুদ ছিল। রাতে কোনোভাবে সেখানে আগুন লাগে। সেসময় জাবেদ ওই অফিসেই ঘুমাচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার পোড়া মৃতদেহ উদ্ধার করেন বলে ওসি জানান।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর জাবেদের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
মজুদ অকটেনের কারণে আগুনের তীব্রতা বেশি ছিল এবং জাবেদ ভেতরে আটকা পড়ে তার মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘প্রতিষ্ঠানটিতে অকটেন মজুদ রাখার জন্য ফায়ার সার্ভিসের কোন সনদ ছিল কি-না সেটা আমরা তদন্ত করে দেখব। অবৈধভাবে দাহ্য পদার্থ অকটেন মজুদ করা হলে আইনগত ব্যবস্থা নেব। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বিজনেস বাংলাদেশ/এম মিজান



















