কাহারোলে বিয়ে বাড়ীতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার তাড়গাঁও ইউনিয়নের ছাতইল গ্রামে বাবুল চন্দ্র রায়ের কন্যার বিয়ের দাওয়াত খেয়ে ২ দিনে ৭ জন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারী’২০ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের যথাক্রমে অমিত্র (৫০), নিপা (২২), সৃষ্টি রায় (৬), ডাবোর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের শিল্পী (২৫) ও ১৯ জানুয়ারী’২০ তাড়গাঁও ইউনিয়নের ছাতইল গ্রামের সাবুল (৩০), সুকুমার রায় (৪০) এবং বিরল উপজেলার খোজাপুর গ্রামের ফুলফুলি (৬৫) ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে কাহারোল উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, গত ১৮ ও ১৯ জানুয়ারী’২০ শনিবার এবং রবিবার এই ২ দিনে উপজেলার ছাতইল এলাকায় বাবুল চন্দ্র রায়ের বাড়ীতে বিয়ের দাওয়াত খেয়ে এপর্যন্ত ৭ জন রোগী অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ডায়েরিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন এবং ঐ বিয়ে বাড়ীতে দাওয়াত খাওয়ার ঘটনায় ৭ জন ছাড়াও অনেকেই আক্রান্ত হলে প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহন করেন। এই ঘটনায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করে ঐ এলাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ইমরান





















