বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিন জন। বুধবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রাবিয়া খাতুন (৬৫), অটোরিকশা চালক সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচর গ্রামের সাহেরা খাতুন (৪০) ও লাল মিয়া (৫০)।
বিরামপুর (দিনাজপুর) :বিরামপুরে রাস্তার কাজে ব্যবহূত ভেপু মেশিনে (ড্রেজার) মোটরসাইকেল ঢুকে পড়ায় তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপুরী সেগুনবাগান এলাকার সুজন (৩৭), ওসমান গনি (৩০) এবং ঐ গ্রামের বিপ্লব হোসেন (৩০)।
বাকেরগঞ্জ (বরিশাল) :বাকেরগঞ্জে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক রিয়াজ জোমাদ্দার (২৩) নিহত হয়েছেন। বুধবার গারুড়িয়া পেয়ারপুর ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি গারুরিয়ার ভোজমহল গ্রামের।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) :বাঞ্ছারামপুরে আটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইউনুছ মিয়া (৬০) নামে এক বিমা কর্মী নিহত হয়েছেন। গতকাল উপজেলা সদরে ভিটি ঝগড়ারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই (ঢাকা) :ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী লোডকন্ট্রোল স্কেল এলাকায় গতকাল বাসের ধাক্কায় মো. কাঞ্চন মিয়া (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
যশোর:যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গতকাল যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর ও যশোর-খুলনা সড়কের রাজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুখালী (ফরিদপুর):মধুখালীতে আখ বোঝাই ট্রলির ধাক্কায় সিয়াম (৭) নামে এক শিশু নিহত হয়। সে উপজেলার ভাটিকান্দী মথুরাপুর গ্রামের জিন্নার ছেলে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















