আধুনিক ফুটবলের অন্যতম সেরা ‘অ্যাটাকিং ফুল-ব্যাক’ আশরাফ হাকিমি, যিনি রক্ষণের পাশাপাশি আক্রমণভাগেও সমান পারদর্শী। প্যারিসিয়ান সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে এবার তিনি হ্যাটট্রিকই করে বসলেন। বাকি দুই গোলেও অ্যাসিস্ট তার। যার সুবাদে পিএসজি লিগ ওয়ানের ম্যাচে লে হাভরেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।
যদিও ১৮ মিনিটে প্রথম গোল হজম করেছিল ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়নরা। ফরোয়ার্ড জশ মাজার গোলে লে হাভরে লিড নেয়। অবশ্য ৮ মিনিট বাদেই হাকিমির অ্যাসিস্টে মিকা গডটস সমতায় ফেরান পিএসজিকে। মিনিট দুয়েক পর মরক্কান তারকা নিজেই গোল করে পিএসজির স্কোরলাইন ২-১ করেন।
বিরতির পর ৫৫ মিনিটে ২০ গজ দূর থেকে চমৎকার এক ফ্রি-কিকে বল জালে জড়ান হাকিমি। এই ম্যাচের আগে চলতি মৌসুমে কোনো গোল না করা এই ডিফেন্ডার ৬৯তম মিনিটে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন। হাকিমির সেই গোলেই ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে ফরাসি জায়ান্টরা। এর সাত মিনিট আগে হাকিমির আরেকটি পাস থেকে সনি মায়ুলু দলের চতুর্থ গোলটি করেছিলেন।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি লুইস এনরিকের দল পিএসজির টানা নবম জয় এবং লিগে টানা ষষ্ঠ জয়। অথচ মৌসুমের প্রথম তিনটি ম্যাচে তারা মাত্র ১ পয়েন্ট পেয়েছিল। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পিএসজি এখন লিগ ওয়ানের শীর্ষে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অলিম্পিকে লিলে।
ইনজুরির কারণে আগে থেকেই মাঠের বাইরে পিএসজির অন্যতম প্রধান দুই তারকা উসমান দেম্বেলে ও খিচা কাভারৎস্খেলিয়া। সর্বশেষ লিওঁ ম্যাচ থেকে টেবিলের তলানিতে থাকা লে হাভরের বিপক্ষে একাদশে পাঁচ পরিবর্তন এনেছিলেন এনরিকে। তার দল ফরাসি লিগ ও ইউরোপের সর্বোচ্চ মঞ্চে কেন অন্যতম ফেভারিট সেটাই দেখা গেল আবার!
_RS_




















