আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. আলী আহসান।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
এ সময় আলী আহসান জানান, আপাতত ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাকে বিশ্রামে রাখা হয়েছে। তার বিশ্রামের প্রয়োজন।
তাকে আবারো বিদেশ পাঠানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি সময়সাপেক্ষ বিষয়। উনি আসলে ভালোই ছিলেন। কিন্তু সিটি নির্বাচন ঘিরে অতিরিক্ত মানসিক চাপ এবং ঠাণ্ডা আবহাওয়ার কারণেই মূলত তার জ্বর, সর্দি হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তারও আগে গত বছর ৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার বাইপাস অপারেশন করা হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























