লিগ ওয়ানে মঁপেলিয়েকে ৫-০ গোলে বিধ্বস্ত করে জিতেছে পিএসজি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে অবশ্য গোল পাননি নেইমার। তবে তিনি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। তারপরও ব্রাজিলিয়ান তারকা আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেটা অন্য কারণে। রেফারির সঙ্গে নেইমারের এক চোট লেগে গিয়েছিল। শনিবার যেন মাঠে নেমেছিলেন তিনি গোলাপি সাজে। নেইমারের চুলের রং ছিল গোলাপি।
পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধের ৭ মিনিট আগে হলুদ কার্ড দেখেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার কাছে রেফারির সিদ্ধান্ত সঠিক মনে হয়নি। হলুদ কার্ড কেন দেখলেন তার ব্যাখ্যা তিনি চান রেফারির কাছে। ঘটনা এখানেই শেষ নয়। প্রথমার্ধ শেষে স্টেডিয়ামের টানেল দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময়ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে লেগে গিয়েছিল নেইমারের।
ক্যানাল প্লাস জানিয়েছে, নেইমারকে ফরাসি ভাষায় কথা বলতে বলেছিল সেই অফিসিয়াল। রাগে ক্ষুব্ধ নেইমার ড্রেসিংরুমে ঢোকার আগে টানেলের দেয়ালে কিছু একটা ছুঁরে মেরে বলেছেন,‘ ফরাসি ভাষা বলব? নিকুচি করি আমি!’
সংবাদমাধ্যম জানিয়েছে, পিএসজি কোচ টমাস টুখেল বিষয়টিকে স্বাভাবিক চোখে দেখছেন না। গত বছর পার্টি দিয়ে ৫০০ লোক দাওয়াত করে ভীষণ হই-হুল্লোড় করেছিলেন নেইমার।
টুখেলের মতে, লিগে এখন এ মুহূর্তে পার্টি ফুটবল থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। মার্শেইয়ের সঙ্গে ১৩ পয়েন্ট ব্যবধানে শীর্ষে রয়েছে পিএসজি। টুখেল বলেছেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, ও মনোযোগ হারিয়ে ফেলেছিল। তবে আমি খেলোয়াড়দের রক্ষা করব কারণ তাদের ভালোবাসি।’
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























