সন্তানরা মায়ের প্রতি একটু বেশি দুর্বল থাকে। তেমনি এক মা পাগল সন্তান হচ্ছেন মঞ্জুর হাসান। যিনি মায়ের পাশে কবর খুঁড়ে অপেক্ষা করছেন মৃত্যুর। তার ইচ্ছা মায়ের পাশে শেষ শয্যা পাতবেন। তাই কবর খুঁড়ে মৃত্যুর জন্য তার এই প্রহর গুনা।
ভারতের বিহার রাজ্যের পাটনার ঘটনা এটি। তবে মঞ্জুরের বাড়ি স্থানীয় গোপালগঞ্জ জেলার বরুলি এলাকায়। তিনি মায়ের কবরের পাশে নিজের শেষ ঠিকানা খুঁড়তে ২৫ হাজার রুপি খরচ করেছেন।
মৃত্যুর পর পরিবার এই ইচ্ছা পূরণ করবে কিনা তিনি নিশ্চিত নন। তাই নিজেই কবর খুঁড়ে রেখেছেন। ৭০ বছরের মঞ্জুর বলেন, “এই পৃথিবীতে আমার যা করার ছিল করেছি। এখন আল্লাহর ডাকের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”
বর্তমানে শূন্য কবরটি দেখাশোনা ও সেখানে প্রার্থনা করে তিনি বেশির ভাগ সময় কাটান। পেশায় কৃষক মঞ্জুর দাতব্য কাজের জন্য স্থানীয়দের প্রিয়পাত্র। নিজের টাকায় তিনি মাদ্রাসা, মসজিদ ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার মাদ্রাসায় দরিদ্র পরিবারের শিশুদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে।
মঞ্জুর জানান, মাকে তিনি খুবই ভালোবাসেন। তাই তার কাছাকাছি থাকার জন্য কবর খুঁড়েছেন। জীবদ্দশায় কখনো মাকে ঘরে একা রেখে কোথাও যাননি। এখন শেষ ইচ্ছা মৃত্যুর পরও মায়ের কাছে থাকা।
১৯৯৯ সালে মা মারা গেলে বাড়ির কাছেই তাকে কবর দেন মঞ্জুর হাসান। যেন সব সময় কবরটি দেখতে পান।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























