বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ববড়ঘোনা গ্রামে বৃহস্পতিবার রাত ৯টায় ২৬ জেলে পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অন্তত ১৭ ব্যক্তি আহত হয়েছেন। প্রায় ১ ঘণ্টাব্যাপী আগুনের লেলিহান শিখায় সর্বস্ব পুড়ে আগুন স্বাভাবিকভাবে নিভে যায়। বঙ্গোপসাগরের মোহনায় জ্বলকদরখালের পাড়ে গড়ে ওঠা জেলেপল্লীতে যাতায়াত অসুবিধায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি। স্থানীয় জনপ্রতিনিধি এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা হবে বলে জানান।
ক্ষতিগ্রস্ত জেলে সুনীল জলদাস, সুজন জলদাস ও সন্তোষ জলদাস বলেন, আগুনের কারণ কী তারা জানেন না। কীভাবে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো কিছুই বুঝতে পারছেন না। তারা ঘর-বাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশা বলেন, ২৬টি জেলে পরিবারের ঘর-বাড়ি, আসবাবপত্র, মাছ ধরার জালসহ বিবিধ সামগ্রী পুড়ে গেছে। ক্ষতি আনুমানিক ১ কোটি টাকা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















