মা করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করে বগুড়ার ঠনঠনিয়া এলাকায় এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাকিব আহমেদ (২২) নামে ওই তরুণের মৃত্যু হয়। তিনি বগুড়া সদরের কলোনি এলাকার চিটাগাং নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানুরের ছোট ছেলে এবং ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।
রাকিবের বাবা ডা. শাহানুর জানান, তার স্ত্রী করোনা পজিটিভ হয়ে ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি রয়েছেন। মায়ের অসুস্থতার কারণে শাহানুরের ছেলে রাকিব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ অবস্থায় শনিবার রাতে নিজের রুমে ব্রেন স্ট্রোক করে মারা যান রাকিব।
তিনি আরও জানান, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিলেন রাকিব। রাত সাড়ে আটটার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়ে পড়েন। পরে তারা দরজা ভেঙে দেখেন রাকিবকে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তারা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. শাহানুর চিকিৎসাজনিত কারণে তখন বগুড়ার বাইরে অবস্থান করছিলেন।





















