মধ্যরাতে তীব্র শীতে যখন জবুথুবু হয়ে গরম কাপড়বিহীন ছিন্নমুল হতদরিদ্র মানুষেরা কাঁপছে, ঠিক এ সময়ে কম্বল নিয়ে তাদের পাশে এসে দাঁড়ালেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খাঁন। শহর থেকে ১০ কিলোমিটার দুরে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের হতদরিদ্রদের জন্য নির্ধারিত গুচ্ছগ্রামে গিয়ে কম্বল বিতরণ করেন তিনি।
জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা গুচ্ছগ্রামের প্রতিটি ঘরে গিয়ে সকলকেই কম্বল প্রদান করেন। শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এ দৃশ্য সকলের দৃষ্টি কেড়েছে।
যুবক, নারী, শিশুসহ প্রায় ৫ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রসাসক রাজস্ব আবু ইউসুফ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো: জাকারিয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান রনি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান জানান, ‘প্রচণ্ড শীতে কষ্ট পাওয়া ছিন্নমূল, মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজকে ধন্য মনে করছি। এ ধরনের মানবিক কাজে দলমত নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিত।’
এদিকে মধ্যরাতে কম্বল পেয়ে গুচ্ছগ্রামের বাসিন্দা রহিমা বেগম জানান, আমরা যারা এখানে থাকি আমাদের অনেকের শীতে বড় কষ্ট হয়, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা দূর্ভোগ পোহায়। মধ্যরাতে এভাবে মহান আল্লহ যেন ফেরেস্তা পাঠিয়ে আমাদেরকে শীত থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন। এজন্য ডিসি সাহেবসহ সকলকে আল্লহ নিশ্চয় এর প্রতিদান দেবেন। আল্লহ তাদের নেক হায়াত দিক যেন যারা আমাদের মতো ছিন্নমূল যাদের শীত নিবারণের ব্যবস্থা নেই, তাদের পাশে দাঁড়ায়।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















