নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে মুহূর্তে নিঃস্ব হয়েছে ২১টি পরিবার। এসব পরিবারের সদস্যদের অবর্ণনীয় দুর্ভোগ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে নীলফামারী জেলা পুলিশ উপজেলা প্রশাসন ও সমাজসেবীগণ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরেজমিন পরিদর্শনে আসেন নীলফামারী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সিয়াম এন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী মঞ্জুরুল আলম সিয়াম প্রমূখ।
এ সময় প্রত্যেক পরিবারের নিকট ২টি করে কম্বল, শুকনা খাবার ও শিশুদের পোষাক বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার। অপরদিকে ৫০টি কম্বল, শুকনা খাবার উপজেলা প্রশাসনের হয়ে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এ ছাড়া উপজেলা পরিষদের তহবিল হতে নগদ ৭১ হাজার টাকা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ব্যক্তিগত তহবিল হতে ২৬ হাজার টাকা বিতরণ করেন।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী জেলা বেসরকারি টিভি ফোরাম সভাপতি ও সিয়াম এন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী মঞ্জরুল আলম সিয়াম।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















