মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্ল্যা গ্রামে আটক করার সময় মেছো বাঘের (ফিশিং ক্যাট) আক্রমণে চারজন আহত হয়েছেন। জনতার হাতে আটক বাঘটি বাঁধা অবস্থায় থানায় নেয়ার পথে মুত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
বাঘের কামড়ে আহতরা হলেন : ওই ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের মৃত মেছের আলী সারেংয়ের ছেলে মো. আইয়ুব আলী (৪৫), মৃত ফালু মিয়ার ছেলে আব্দুর রহিম (৪২), কদম আলীর ছেলে আবদুল মালেক (৩০) ও বাবর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৭)।
আহতদেরকে স্থানীয় বাজারের নিহাত ফার্মেসিতে টিটি টিকা দেয়াসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে ওই ফার্মেসির স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
সিংগাইর উপজেলা ফরেস্টার মো. ইউসুফ আলী বলেন, বলধারা ইউনিয়নের জৈল্ল্যা গ্রামের সাবেক মেম্বার মৃত জয়নালের ছেলে আব্দুস সালামের একটি পরিত্যক্ত ঘরে বাঘ ঢুকেছে এমন খবর পেয়ে কর্তৃপক্ষকে অবগত করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ঝাকি জাল দিয়ে ২৫-২৬ কেজি ওজনের ওই মেছো বাঘটি আটক করি। পরে আটককৃত বাঘটি পুলিশের গাড়িতে থানায় আনার পথে ক্রোধে মারা যায়।
মো. ইউসুফ আলী জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও ফরেস্টার। মৃত বাঘটি পোস্টমর্টেম শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।





















