সম্প্রতি কুষ্টিয়ায় মিরপুরের আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এনামূল হকের কিছু বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে এনামূল ভোটারদের কাউন্সিলরের ভোট দুটি গোপন কক্ষে দিয়ে, মেয়রের ভোটটি প্রকাশ্যে সবার সামনে দিতে বলেন।
বুধবার (১৩ জানুয়ারি) ফাঁস হওয়া ভিডিওটি নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুল ইসলাম এই ঘটনার জেরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ভিডিও ক্লিপে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনামূল হক ভোটারদের বলেন, আপনি যদি ওপেন ভোট দেন, তাহলে তো কেউ নিষেধ করতে পারবে না। কারণ, আপনাদের মধ্যে যাতে দূরত্ব না বাড়ে। ভোট আপনিও দিতে চেয়েছেন, আরেকজনও দিতে চেয়েছে। এখন আরেকজন যদি ভিতরে ঢুকে ভোট দেয়, তাহলে মনে সন্দেহ দেখা দেবে। মনে হবে ও হয়তো নৌকায় ভোট দেয়নি। তাই আপনারা সব ওপেন করে দেন। তাহলে আর একে অপরের প্রতি সন্দেহ থাকবে না। আপনারা কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ভোট ভিতরে গিয়ে দেবেন আর এই ভোটটি (মেয়র) সরাসরি সামনে দেবেন।’
তিনি এসময় আরও বলেন, ‘ভোট ভয়ের কোনো ব্যাপার না, আমি যদি ওপেন সিল মেরে দিই তাহলে কারও কিছু বলার নেই। সবাই নৌকায় সিল মেরে দেবেন প্রকাশ্যে, কোনো সমস্যা নাই। যেখানে সবাই একতরফা ভোট দেবে, সেখানে আপনি কেন সন্দেহের মধ্যে থাকবেন? তাই কাউন্সিলরের দুটি গোপন কক্ষে আর মেয়রের ভোটটি প্রকাশ্যে দেবেন। কাউকে ভয় পাওয়ার কিছু নেই।’
ঘটনার সত্যতা স্বীকার করে রিটার্নিং অফিসার ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস গণমাধ্যমে জানান, ‘মেয়র প্রার্থী এনামূল হককে ডেকে সতর্ক করা হয়েছে। তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।




















