সরকার দলীয় কোন লোকজন যদি মাদক, দুর্নীতির সাথে জড়িত থাকে সে যতই শক্তিশালী হোক না কেন, সত্য প্রকাশে আপনারা নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন। এতে করে যদি কোন প্রকার হয়রানির শিকার হন গাজীপুর মহানগর আওয়ামীলীগ আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। সত্য প্রকাশে বিন্দুমাত্র পিছপা হবেন না। গতকাল শনিবার টঙ্গী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম বলেন, যারা মূলধারার সাংবাদিক প্রকৃত পেশায় বেতন কাঠামোতে আর্থিক অনটনে নানামুখী সংকটে আছেন, আপনাদের সঠিক তালিকা প্রণয়ন করে আমাকে যে কোন প্রস্তাবনা দিলে আমি তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আপনারা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করে আমাদের কাজে উৎসাহিত করলে আমরা উৎসাহ প্রেরণা পাবো।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর সাদেক আলী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, কোষাধ্যক্ষ হাসান মামুন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লা, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, গাজী খলিলুর রহমান, শাহজাহান শোভন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান আলী, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম প্রমুখ।




















