গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনকারীরা পিছু হটে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার দুপুরে এই অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১১ প্লাটুন বিজিবি একযোগে মাঠে নামেন।
একই সঙ্গে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খানসহ বিএনপি দলীয় নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় আন্দোলনকারীরা পিছু হটে অবরোধ তুলে নিতে বাধ্য হয়।
এর ফলে দুপুর থেকে কালিয়াকৈরে স্বস্তি ফিরে আসে। বেলা দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান জানান, “আমরা শ্রমিকদের পাশে আছি। তাঁদের বেতন বৃদ্ধিতে সরকার আন্তরিক হয়ে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা ধ্বংসাত্মক কাজ বন্ধ করে আসুন, একসাথে বসে পরামর্শ করি।”
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, “মঙ্গলবার সকালে আন্দোলনকারীরা রাজপথে নামার চেষ্টা করলে আমরা যৌথভাবে তাদের প্রতিহত করি। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা পিছু হটে যাওয়ায় কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ডিএস./




















