নেইমার জুনিয়র এবং ডি মারিয়া নেই। তাই সমস্ত আলো ছিল কিলিয়ান এমবাপ্পের দিকে। পিএসজির এই তারকা বার্সালোনার বিপক্ষে কতটা নেতৃত্ব দিতে পারে সেদিকে নজর ছিল সবার।
তবে সবচেয়ে বেশি আগ্রহ ছিল সম্ভবত রিয়াল মাদ্রিদেরই। আগামী মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে যাওয়া এমবাপ্পেকে যে কেনার জন্য মরিয়া রিয়াল মাদ্রিদ।
এরপর গতরাতে যে পারফর্মেন্স তিনি উপহার দিলেন বার্সার বিপক্ষে, তারপর নিশ্চিত ভাবেই রিয়াল মাদ্রিদ টাকার বস্তা নিয়ে ছুটবে তাকে পাওয়ার জন্য।
লিওনেল মেসির গোলে পিছিয়ে পরার পর এমবাপ্পের গোলেই সমতায় ফিরেছিল পিএসজি। এরপর পিএসজিকে এগিয়ে দেয়া গোলটিও করেন তিনি। ব্যবধান ৩-১ করেন ময়েস কেন। এরপর হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।


























